ছন্দে থাকা নেইমারের চোখ কোপা ও অলিম্পিকে

চোট কাটিয়ে ছন্দে ফিরেছেন নেইমার। পিএসজির শুরুর একাদশে নিয়মিত জায়গা পাচ্ছেন। ফর্মে ফেরা বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এবার জাতীয় দলের হয়ে মাঠ রাঙাতে মুখিয়ে। জানিয়েছেন, আসছে গ্রীষ্মে ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা ও অলিম্পিক দুটি টুর্নামেন্টেই খেলার ইচ্ছা আছে তার।

অলিম্পিক ফুটবলে সাধারণত অনূর্ধ্ব-২৩ দল খেললেও অন্তত তিনজন খেলোয়াড় বেশি বয়সীর নেওয়া যায়। এই নিয়মেই টোকিও অলিম্পিকের জন্য ঘোষিত ফ্রান্স দলে রাখা হয়েছে পিএসজিতে নেইমারের সতীর্থ কিলিয়ান এমবাপেকে।

জুলাইয়ের শেষ দিকে জাপানের টোকিওতে বসবে অলিম্পিক আসর। এর আগে আর্জেন্টনা ও কলম্বিয়ায় ১২ জুন শুরু হয়ে ১২ জুলাই শেষ হবে ৪৭তম কোপা আমেরিকা। দুই টুর্নামেন্টেই খেলার ইচ্ছা নেইমারের।

লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর সঙ্গে ৩-৩ গোলে ড্র করা ম্যাচে জোড়া গোল করা নেইমার এ ব্যাপারে বলেন, “আমি ফর্মে আছি। আমি কোপা আমেরিকা ও অলিম্পিক দুটোতেই খেলার আশা করছি। যদিও বিষয়টা অনেকটা জটিল মনে হচ্ছে আমার কাছে।...পিএসজিকে জিজ্ঞেস করে দেখব। ২০১৬ সালে যখন বার্সেলোনায় ছিলাম তারা আমাকে উভয় টুর্নামেন্টে খেলার অনুমতি দেয়নি।”

নেইমার ও এমবাপে দুইজনই অলিম্পিকে খেলতে চলে গেলে ২০২০-২১ মৌসুমের শুরুটা তারকা এই দুই খেলোয়াড়কে ছাড়াই শুরু করতে হতে পারে পিএসজিকে। এই কারণে নেইমারকে কোপায় খেলার অনুমতি দিলেও অলিম্পিকে খেলার অনুমতি নাও দিতে পারে প্যারিসের ক্লাবটি।