বঙ্গবন্ধু বিপিএল টি-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে নাজমুল হোসেন শান্তর অসাধারণ ব্যাটিংয়ে আশাব্যঞ্জক সংগ্রহ পেয়েছে খুলনা টাইগার্স। মুশফিকুর রহিমের দলকে হারিয়ে ফাইনালে যেতে রাজশাহী রয়্যালসে করতে হবে ১৫৯ রান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে নির্ধারিত কুড়ি ওভারে ৩ উইকেটে ১৫৮ রান করে টসে হারা খুলনা।
লিগ পর্বে শেষ ম্যাচে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলে ঢাকা প্লাটুনের বিপক্ষে দলকে জয় এনে দেওয়া নাজমুল হোসেন শান্ত কোয়ালিফায়ারেও দারুণ ব্যাট চালিয়েছেন। ওপেনিংয়ে নেমে ৭৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তার ৫৭ বলের ইনিংসে রয়েছে সাত চার ও চার ছক্কা।
দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে শামসুর রহমানের ব্যাট থেকে। ৩১ বলে দুই চার ও এক ছক্কায় ৩২ রান করেন চার নম্বরে নামা এই ব্যাটসম্যান। আহত হয়ে মাঠ ছাড়ার আগে অধিনায়ক মুশফিকুর রহিম করেন ১৬ বলে ২১ রান।
রাজশাহীর বোলারদের মধ্যে ১৩ রানে দুটি উইকেট নেন পাকিস্তানী পেসার মোহাম্মদ ইরফান। অপর উইকেটটি নেন ইংলিশ পেসার রবি বোপারা।
এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালের টিকিট পাবে। তবে হারা দল একেবারে ছিটকে যাবে না। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে তারা।
একই ভেন্যুতে সোমবার এলিমেনেটর ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজার ঢাকা প্লাটুনকে ৭ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ারের টিকিট পেয়েছে মাহমুদউল্লাহর চট্টগ্রাম।