‘গোয়াল আপনার, গরু আমাদের’

যশোরে চোর সন্দেহে পিটুনি নিহত ৩

যশোরের অভয়নগরে চোর সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে তিনজন নিহত হয়েছেন। আহত অবস্থায় পুলিশের হাতে আটক হয়েছেন আরও একজন। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার গাইদগাছি গ্রামে এ ঘটনা ঘটে। গরুর মালিক খোরশেদ আলম জানান, গোয়ালঘরের দরজায় চোরদের লিখে যাওয়া ‘গোয়াল আপনার, গরু আমাদের’-এর মাধ্যমেই গরু চুরি হওয়ার বিষয়টি বোধগম্য হয় তার। পরে তার তৎপরতায় ওই চোর চক্রকে চুরি যাওয়া গরুসহ হাতেনাতে আটক করে গ্রামবাসী।

খোরশেদ আলম আরও জানান, গোয়ালঘরে তার তিনটি গরু ছিল। সোমবার ভোর ৪টার দিকে শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি দরজা খুলে বাইরে এসে গোয়ালঘরের দরজায় চোরদের ওই লেখাটি দেখতে পেয়ে গোয়ালঘরের দিকে নজর দেন। তখন সেই গোয়ালঘরটি গরুশূন্য অবস্থায় দেখতে পান তিনি। তার আর বুঝতে বাকি রইল না যে গরুগুলো চুরি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি স্থানীয় প্রেমবাগ বাজারে থাকা তার ভাগ্নেকে মোবাইল ফোনে চুরির বিষয়টি জানান। এরপর গ্রামের মসজিদের মাইকে গরু চুরির কথা ঘোষণা করেন। তখন গ্রামবাসী জোটবদ্ধ হয়ে চোরদের ধাওয়া করে। চোর চক্রের সদস্যরা একটি পিকআপে করে চুরি করতে এসেছিল। গ্রামবাসীর ধাওয়ায় প্রেমবাগ রেলক্রসিংয়ের কাছে এসে পিকআপসহ তারা আটক হয়। তখন ওই পিকআপ থেকে গরু তিনটি উদ্ধার করা হয়। এ সময় পিকআপে থাকা চোরদের মধ্যে কয়েকজন পালিয়ে গেলেও তিনজন গ্রামবাসীর হাতে ধরা পড়ে। পরে তাদের বেধড়ক পিটুনি দেওয়া হয়। উত্তেজিত জনতা চোরদের পিকআপটিও ভাঙচুর করে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, গ্রামবাসীর পিটুনিতে ঘটনাস্থলে দুজন ও অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে একজন মারা যান। এর আগে পিটুনির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত ওই চোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ঘটনার পরদিন সকালে ঘটনাস্থল ও আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে সদর উপজেলার বসুন্দিয়া বাজার থেকে সন্দিগ্ধ একজনকে আটক করা হলে তিনি চুরির ঘটনায় জড়িত বলে স্বীকার করেন এবং নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেন। আটক এ ব্যক্তির নাম জনি শেখ। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখাল গ্রামের ওহাব শেখের ছেলে। নিহত দুজন খুলনার খানজাহান আলী থানার রেলগেটের সোহেল (২৭) ও সৈকত (৩০) বলে জানিয়েছে আটক জনি শেখ। অপরজনের পরিচয় জানাতে পারেননি তিনি।

তৌহিদুল জানান, আটক জনি শেখের বিরুদ্ধে গোপালগঞ্জে একটি ডাকাতির প্রস্তুতি ও অপর একটি চোরাই মালামাল উদ্ধারের মামলা আছে বলে জিজ্ঞাসাবাদ এবং সিডিএমএস ডাটাবেজ পর্যালোচনায় জানা যায়। উদ্ধার তিনটি গরু এবং চোরদের ব্যবহৃত পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে। হত্যার ঘটনায় অভয়নগর এবং চুরির ঘটনায় কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।

চোর সন্দেহে পিটুনিতে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে প্রথমে থানায় নেয় পুলিশ। পরে বিকেল পৌনে ৫টার দিকে লাশগুলো যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এদিকে গ্রামবাসীর অভিযোগ, গত এক মাসে প্রেমবাগ, পুড়াটাল, বনগ্রাম, মাগুরা ও যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের প্রায় শতাধিক গরু চুরি হয়েছে। যে কারণে তারা রাতের বেলায় দলবদ্ধভাবে পাহারার ব্যবস্থাও করেছেন।