ভাই হত্যার দায়ে চাঁপাইনবাবগঞ্জে মৃত্যুদণ্ড শরীয়তপুরে যাবজ্জীবন

সৎভাইকে হত্যার দায়ে কেতাব আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত কেতাব আলী জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা-হাউসনগরের বিশারত আলীর ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় দেন।

অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, কেতাবুল আলীর সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল তার সৎভাই জাহাঙ্গীর আলমের। ২০১৮ সালের ৩ মে রাতে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে মনাকষা চৌধুরীপাড়া মোড় এলাকায় জাহাঙ্গীর আলমকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন কেতাবুল আলী।

অন্যদিকে, শরীয়তপুরে ছোট ভাই দেলোয়ার হোসেন মালকে (২৫) হত্যার দায়ে সলেমান মাল (৩৫) নামে এক তরুণকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এই রায় দেন।

কারাদন্ড প্রাপ্ত সলেমান মাল ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার চর পায়াতলি মুন্সিকান্দি গ্রামের আমান উল্লাহ মালের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জের সখীপুর থানার চর পায়াতলি মুন্সিকান্দি গ্রামে ২০১৪ সালের ১২ আগস্ট সকাল ৯টার দিকে সলেমান মালের সঙ্গে পাটখড়ি নিয়ে ঝগড়া হয় তার বাবা আমান উল্লাহ্ মালের। ঝগড়ার এক পর্যায়ে আমান উল্লাহকে ধারালো দা দিয়ে কোপাতে যায় ছেলে সলেমান। এ সময় আমান উল্লাহর ছোট ছেলে দেলোয়ার হোসেন তার বাবাকে রক্ষা করতে গিয়ে গলায় কোপ খেয়ে মারা যান।