১৫ জেলায় শৈত্যপ্রবাহ, ঠান্ডা কমতে পারে

দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়ায় দেশের অধিকাংশ স্থানেই শীতের তীব্রতা কমছে। কয়েকটি এলাকা থেকে কেটে গেছে শৈত্যপ্রবাহ। তবে গতকালও উত্তর-পশ্চিমাঞ্চলের ১৫টি জেলায় রয়ে গেছে শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা রয়ে গেছে অপরিবর্তিত। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় এখনো রাতের তাপমাত্রা ১১ ডিগ্রির মধ্যে রয়েছে। এসব এলাকায় শীতার্ত মানুষের দুর্ভোগ কমেনি। রাজধানীতে রাত ও দিনের তাপমাত্রা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সারা দেশেই তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে শীত পরিস্থিতির উন্নতি হবে। তবে কিছু এলাকায় শৈত্যপ্রবাহ থেকে যাবে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক গত রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘বুধবার (আজ) সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। ফলে কিছু এলাকা থেকে শৈত্যপ্রবাহ কেটে যেতে পারে। তবে কিছু এলাকায় থেকে যাবে। বিচ্ছিন্নভাবে দুই-একটি এলাকায় নতুন করে শুরুও হতে পারে। ১৬ তারিখের (আগামীকাল) পর শৈত্যপ্রবাহ পুরোপুরি কেটে যেতে পারে। এছাড়া রাজধানীতে দিনের তাপমাত্রা অনেকটা বাড়ার সম্ভাবনা আছে। রাতের তাপমাত্রা তেমন একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।’

গত সোমবার রংপুর বিভাগসহ প্রায় ২১টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইলেও গতকাল ছয়টি জেলা থেকে শৈত্যপ্রবাহ কেটে গেছে। অন্যান্য এলাকায় রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও শৈত্যপ্রবাহ রয়ে গেছে। অধিদপ্তরের গতকালের মানচিত্র অনুযায়ী রংপুর বিভাগের সদর ও গাইবান্ধা ছাড়া বাকি ৬ জেলা, রাজশাহী সদর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও যশোর জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছিল। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আগের দিনের মতো গতকালও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন সারা দেশেই দিনের তাপমাত্রা অনেকটা বেড়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল রাজধানীতে দিনের তাপমাত্রার সঙ্গে বেড়েছে রাতের তাপমাত্রাও। শীতের তীব্রতা কিছুটা কমেছে। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪ ডিগ্রি ও রাতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাসে বলা হয়েছে, ‘যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।’