বঙ্গবন্ধু বিপিএল টি-টোয়েন্টির বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস। ম্যাচটিতে জয়ী দল ফাইনালে খুলনা টাইগার্সের প্রতিপক্ষ হবে। হারা দলের বাজবে বিদায়ঘণ্টা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে দল দুটি।
একই ভেন্যুতে এলিমিনেটরে সোমবার মাশরাফী বিন মোর্ত্তজার ঢাকা প্লাটুনকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট পায় মাহমুদউল্লার চট্টগ্রাম।
এদিন প্রথম কোয়ালিফায়ারে ২৭ রানে খুলনার কাছে হেরে যায় রাজশাহী। তবে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি দলটি। দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামকে হারাতে পারলে ফাইনালের টিকিট পাবে আন্ড্রে রাসেলের দল।
গ্রুপপর্বে দুইবার মুখোমুখি হয়েছে রাজশাহী ও চট্টগ্রাম। তাতে একবার করে জয় পেয়েছে দুই দল।