গেইল ঝড়ের পরও চট্টগ্রামের পুঁজি ১৬৪

আগের তিন ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি ক্রিস গেইল। রান পাচ্ছিলেন, কিন্তু সেগুলোকে বড় করতে পাচ্ছিলেন না। তবে ‘বিগ ম্যান’ জ্বলে উঠলেন বিগ ম্যাচে।

বুধবার বঙ্গবন্ধু বিপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী রয়্যালসের বিপক্ষে করলেন ঝোড়ো ফিফটি। তবে গেইল ঝড়ের পরও চট্টগ্রামের ইনিংস শেষ হলো অতৃপ্তি নিয়ে। শুরুর মতো যে শেষটা হলো না তাদের। টস হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৬৪ রানে সন্তুষ্ট থাকতে হয়েছে দলটিকে।

অথচ ওপেন করতে নামা গেইল শুরুতেই ঝড় তোলেন। চার-ছক্কায় মাত করেন গ্যালারি। ২১ বলে পূরণ করে ফিফটি। চট্টগ্রাম ৯.৪ ওভারে পূরণ করে ফেলে দলীয় শতক।

দশম ওভারে আফিফ হোসেনের শিকার হন গেইল। সরাসরি বোল্ড হন ক্যারিবীয় তারকা। ফেরার আগে ২৪ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৬০ রান করেন গেইল।

ওপেনিংয়ে এদিন গেইলের সঙ্গী জিয়াউর রহমান (৫) ব্যর্থ হয়েছেন। তিনে নেমে রান পাননি ইমরুল কায়েস (৫)। মাহমুদউল্লাহ ছোট্ট ঝোড়ো ইনিংস খেলেছেন। ১৮ বলে ৩টি করে চার ও ছক্কা হাঁকিয়ে ৩৩ রান করেন এই ব্যাটার।

গেইল-মাহমুদউল্লাহর ব্যাটে তাই রান পাহাড়ের ইঙ্গিত দিচ্ছিল চট্টগ্রাম। একাদশ ওভারে মাহমুদউল্লাহকে ফেরান মোহাম্মদ নওয়াজ। এরপর রাজশাহীর বোলাররা চেপে ধরে চট্টগ্রামকে।

অ্যাসলে গুনারত্নে ছাড়া কেউই আর দুই অঙ্কে পৌঁছাতে পারেনি। ২৫ বলে ১ চার ও ২ ছক্কায় ৩১ রান করেন গুনারত্নে। রাজশাহীর পক্ষে মোহাম্মদ ইরফান ও মোহাম্মদ নওয়াজ ২টি করে উইকেট নিয়েছেন।

এই ম্যাচে জয়ী দল শুক্রবার বিপিএল ফাইনালে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে।