কিশোরী মেয়েসহ স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

নিজের কিশোরী মেয়েসহ স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে ময়মনসিংহের এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তি পলাতক রয়েছে বলে পুলিশ জানায়। 

বুধবার সন্ধ্যায় নগরীর খাগডহর ফকিরবাড়িতে এ হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম।

তিনি জানান, নিহত রুমা আক্তার (৩৮) শফিকুল ইসলাম শাহিনের স্ত্রী এবং নাফিয়া আক্তার (১২) তার মেয়ে। স্থানীয় কাঠ ব্যবসায়ী শফিকুল ইসলাম শাহিন নগরীর খাগডহর ফকিরবাড়ির বাসিন্দা।

মাহমুদুল ইসলাম আরো বলেন,শফিকুল তার স্ত্রী ও মেয়েকে তার ঘরে শ্বাস রোধ করে হত্যা করে। এ সময় তাদের বড় মেয়ে লাবণ্য তা দেখে ফেলায় তাকেও হত্যার চেষ্টা করে। তখন লাবণ্যর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে শাহিন পালিয়ে যায়।

আহত লাবন্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হত্যার কারণ তাৎক্ষণিক জানা যায়নি বলে পুলিশ জানায়।