দাবানলে আক্রান্ত অঞ্চলে মুসলিমদের ত্রাণ

অস্ট্রেলিয়ায় তিন মাস ধরে চলা দাবানল নিয়ন্ত্রণে এসেছে সম্প্রতি। এর আগে দাবানলে আক্রান্ত অঞ্চলে ‘ফায়ার ফাইটার’দের সহযোগিতা করে প্রশংসা কুড়িয়েছেন অস্ট্রেলিয়ার নিউপোর্ট ইসলামিক সোসাইটির একদল সদস্য। সাপ্তাহিক ছুটির দিনে খাবার, পানীয় ও ওষুধ নিয়ে তারা আক্রান্ত অঞ্চলের জনসন ভ্যালি ফায়ার ব্রিগেডের স্বেচ্ছাসেবী দলকে সহযোগিতা করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল তাদের ‘মুসলিম হিরো’ আখ্যা দিয়েছে।

নিউপোর্ট ইসলামিক সোসাইটির সদস্য লোকমান কুর্দি সংবাদমাধ্যমকে বলেন, ‘ফাইটারদের পরিশ্রম ও ক্লান্তি দেখে আমরা আবেগাপ্লুত হয়ে যাই। তারা ক্লান্ত-শ্রান্ত হয়ে পড়ছিল। তাদের হাতে খাবার তুলে দিয়ে এবং তাদের জন্য দোয়া ও কিছু করতে পেরে আমরা আনন্দিত।’

লোকমান আরও বলেন, ‘আমরা দেখছি, দাবানল কীভাবে অস্ট্রেলিয়া জুড়ে ভয়ংকর রূপ ধারণ করেছে। আমরা কিছু একটা করার তাড়নাবোধ করছিলাম। মাত্র ৪৮ ঘণ্টার প্রস্তুতিতে আলহামদুলিল্লাহ অনেক কিছু সংগ্রহ করতে পেরেছি।’ এক সপ্তাহ ধরে কাজ করতে থাকা ক্লান্ত ‘আগুন প্রতিরোধকদের’ জন্য খাবার, পানীয়, ওষুধ সরবরাহ করা ছাড়াও আক্রান্ত এলাকায় পাঁচ ট্রাক ত্রাণ বিতরণ করেছেন তারা। নিউপোর্ট ইসলামিক সোসাইটি ছাড়াও ইসলামিক সোসাইটি অব সাউথ অস্ট্রেলিয়াসহ একাধিক ইসলামি সংস্থা ও সংগঠন-আক্রান্ত অঞ্চলে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন। ২০১৬ সালে পরিচালিত আদমশুমারি মতে, অস্ট্রেলিয়ায় মুসলিম জনসংখ্যা ৬ লাখ ৪২ হাজার, যা মোট জনসংখ্যার ২ দশমকি ৬ শতাংশ। পাঁচ বছর আগে তা ছিল ২ দশমকি ২ শতাংশ। জরিপ বলছে, অস্ট্রেলিয়ায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা ১৫ ভাগ।