বিএনপির কাউন্সিলর প্রার্থীকে গুলি করে হত্যার হুমকি!

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত এক কাউন্সিলর প্রার্থীকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উত্তর সিটির ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান সেগুন গতকাল বুধবার রাতে দেশ রূপান্তরকে বলেন, বিকেলে একই ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আফসার উদ্দিন খানের সমর্থকরা তাকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীদের মারধরও করা হয়েছে। বিষয়টি তিনি উত্তর সিটিতে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের জানিয়েছেন।

কাউন্সিলর প্রার্থী সেগুন বলেন, বিকেল ৪টার দিকে আবদুল্লাহপুর খন্দকার সিএনজি পাম্প থেকে তিনি নির্বাচনী প্রচার শুরু করেন। পরে উত্তরা ৯ নম্বর সেক্টরের শেষ মাথার দিকে যাওয়ার সময় পাশে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী অফিস থেকে তার ভাগ্নের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল লাঠি, রড ও হকিস্টিক দিয়ে তাদের এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে তিনিসহ ৮ জন আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন যুবদলের স্থানীয় নেতা বকুল হোসেন, ঢাকা উত্তর ছাত্রদলের সদস্য রাজন মুহাম্মদ রাজ, ছাত্রদলের সদস্য রবিউল আউয়াল ভূঁইয়া, সাইফুল ইসলাম সাইফ ও সোহেব আহমদ।

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে প্রচারে আসা ছাত্রদলের চারজনকে তারা মারতে মারতে ১ কিলোমিটার দূরে আবদুল্লাহপুর পুলিশ বক্স পর্যন্ত নিয়ে যায়। পরে তারা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে তাদের ছেড়ে দেয়। এ সময় লাঠি দিয়ে আমাকেও পেটানো হয়। একই সঙ্গে আমাকে গুলি করে মারার হুমকি দেওয়া হয় এবং নির্বাচনী প্রচার চালাতে নিষেধ করা হয়।’