নরসিংদীতে পাটকল শ্রমিকরা দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন মজুরি কমিশন স্লিপ পেয়েছেন। ইউ এম সি পাটকল কর্তৃপক্ষ তাদের এ স্লিপ দেয়।
বৃহস্পতিবার সকাল ১২টা থেকে শ্রমিকদের নতুন মজুরি কাঠামো অনুযায়ী স্লিপ দেওয়া হয়।
মজুরি কমিশন, বকেয়া বেতন, চাকরি স্থায়ী করাসহ ১১ দফা দাবিতে আমরণ অনশনসহ দফায় দফায় আন্দোলনে নামেন শ্রমিকরা। আন্দোলনে শ্রমিকদের স্কুল পড়ুয়া ছেলেমেয়েসহ পরিবারের সদস্যরা যোগ দেন। এর ধারাবাহিকতায় শ্রমিকদের মজুরি কমিশনসহ বিভিন্ন দাবি দাবা মেনে নেয় সরকার।
ইউ এম সি জুট মিলের শ্রমিক নেতা দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত দাবি বাস্তবায়ন করেছে সরকার। আমরা হাতে স্লিপ পেয়েছি। তাই আনন্দিত। এখন দ্রুত সময়ের মধ্যে আমাদের টাকাটা হাতে পেলে আমরা পরিবার নিয়ে ভালো থাকতে পারব।
ইউ এম সি জুট মিলের মহাব্যবস্থাপক গাজী শাহাদত হোসেন বলেন, সরকারের নির্দেশনা মতে মিলের আড়াই হাজার শ্রমিককে নতুন মজুরি কমিশন স্লিপ দেওয়া হয়েছে। মিলের সব ইউনিটে শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বেতনের টাকাও পরিশোধ করা হবে।