ঢাকায় অপরাজিতা ঘোষের ছবি ‘মিস্টিক মেমোয়্যার’

১৮ জানুয়ারি, শনিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে প্রদর্শন করা হবে অপরাজিতা ঘোষ পরিচালিত চলচ্চিত্র ‘মিস্টিক মেমোয়্যার’। চলমান ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে এটি প্রদর্শিত হবে। এদিন ওপার বাংলার নির্মাতা-অভিনেত্রী অপরাজিতা ঘোষ উপস্থিত থাকবেন এবং দর্শকদের সঙ্গে ছবি নিয়ে কথা বলবেন।

প্রত্যাশার চাপে বিরক্ত এক ঘরপালানো কিশোর ঋষুর নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়েছে ছবির গল্প। রাস্তায় তার সঙ্গে হঠাৎ দেখা হয় জ্যোতির সঙ্গে। তাদের দুজনের সামঞ্জস্য-বৈপরীত্য নিয়েই মিস্টিক মেমোয়ার এগিয়েছে ইন্দ্রিয়-অনুভূতির সীমান্ত ছুঁয়ে৷ অসম বয়সী এই দুটি মানুষের যাত্রার গল্প 'মিস্টিক মেমোয়ার' I জীবনের গল্প, শিকড়ে ফেরার গল্প I

অপরাজিতা বলেন, ‘এটিকে বলা যায় নিরীক্ষামূলক ছবি। ছবিতে মানুষের পঞ্চ ইন্দ্রিয় অনুভূতির প্রকাশ পাঁচটি গল্পে উপস্থাপন করার চেষ্টা করেছি। জ্যোতি-ঋষুর আলাপচারিতার মধ্য দিয়ে। চলার পথে ওদের সঙ্গে দেখা হয় বিচিত্র কিছু মানুষের। আস্তে আস্তে চারপাশের জগৎটাকে ঋষু নতুন করে চিনতে শুরু করে, অনুভব করে শিকড়ের টান।’

ছবিটি রাশিয়ার কিনোদুয়েল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয় এবং ২৫তম কলকাতা চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক (এশিয়ান সিলেক্ট প্রতিযোগিতা) বিভাগে প্রদর্শিত হয়ে দর্শকপ্রিয়তা পায়।