বন্ধু পরিচয়ে মোটরসাইকেল চুরি, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে বায়েজিদ ও পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো, মঈনুল হক বাবু (২২), মো. আরমান (২২) ও মো. রাসেল (২৮)।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন  বলেন, গত ১৪ জানুয়ারি সিআরবি থেকে চুরি হয়ে যায় বাঁধন নামে এক শিক্ষার্থীর একটি মোটরসাইকেল। ওই ঘটনা তদন্ত করতে গিয়ে সিসিটিভি ফুটেজে দেখা যায় তার বন্ধু মঈনুলসহ মোট তিনজন চুরির সঙ্গে সম্পৃক্ত। পরে বৃহস্পতিবার ভোররাতে মঈনুলকে পাঁচলাইশ থেকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে বায়েজিদ থেকে অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় মোটরসাইকেলটি।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে তারা স্টেশন, পার্ক, রেস্টুরেন্টে আড্ডা দেওয়ার ফাঁকে মোটরসাইকেল চুরির ঘটনাস্থল রেকি করে। এরপর চুরির সিদ্ধান্ত পৌঁছালে ওই মোটরসাইকেল মালিকের সঙ্গে বন্ধুত্ব করে। পরে সুযোগ বুঝে মোটরসাইকেল চালানোর কথা বলে ডুপ্লিকেট চাবি বানিয়ে আয়ত্তে রাখে। যখন পরবর্তী সময়ে ওই মোটরসাইকেল কোনো পার্কিং কিংবা অন্য স্থানে থাকে, তখন মালিককে আড্ডায় ব্যস্ত রেখে বাকি সদস্যরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।