বিশ্ব স্বাস্থ্যে অবদান: বিল গেটসের অনুপ্রেরণা বাংলাদেশি বাবা-মেয়ে

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের অনুপ্রেরণা বাংলাদেশি বাবা ও মেয়ে। দুই বাংলাদেশি গবেষক সমীর সাহা ও তার মেয়ে সেঁজুতি সাহাকে নিয়ে নিজের ওয়েবসাইট গেটসনোটস ডটকম এ মঙ্গলবার লিখেছেন বিল গেটস।

তিনি লেখেন, এক ছোট্ট এক মেয়ে সেঁজুতি সাহা যখন বেড়ে উঠছিল বাংলাদেশে, সে মনে করতে পারে তাদের রাতের পারিবারিক খাবার টেবিলে কথা হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, সংক্রামক রোগ- এসব নিয়ে।

বিল গেটস লেখেন, খাওয়ার সময় এমন সব আলোচনা অনেকের কাছেই উদ্ভট ঠেকবে। কিন্তু সাহা পরিবারে এমনটাই হতো। সেঁজুতির বাবা ড. সমীর সাহা মাইক্রোবায়োলজির অধ্যাপক। তিনি তার বিজ্ঞান বক্তৃতার অনুশীলন করতেন বাড়িতে রাতের খাবার টেবিলে। বাংলাদেশে স্বাস্থ্যগত চ্যালেঞ্জ নিয়ে তিনি যখন যা জানতে পারতেন, তা নিয়েও কথা বলতেন ওই টেবিলে। (ওই টেবিলে আমার জন্যও যদি একটি চেয়ার থাকত! আমি রোগ সম্পর্কে জানতে পছন্দ করি)।
তিনি জানান, ডা. সেঁজুতি সাহা এখন তার বাবার সঙ্গে শিশুস্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশনে (সিএইচআরএফ) কাজ করেন। বাংলাদেশসহ অন্যান্য দেশে শিশুমৃত্যু কমিয়ে আনতে তার বাবা প্রতিষ্ঠানটি গড়ে উঠতে সহায়তা করেছেন।

তিনি লেখেন, বাবা-মেয়ে দুজনে মিলে এখন বিশ্বে স্বাস্থ্য খাতের প্রভাবশালী দুই ব্যক্তি। শিশুমৃত্যু বেশি বিশ্বের এমন স্বল্পোন্নত দেশগুলোর সঙ্গে সম্পদশালী দেশগুলোর স্বাস্থ্যসেবার ফারাক কমাতে কাজ করছেন তারা। এ ক্ষেত্রে তারা উপাত্ত, রোগ নির্ণয়ের সর্বাধুনিক পদ্ধতি এবং সংক্রামক ব্যাধির বিরুদ্ধে টিকাদানকে কাজে লাগাচ্ছেন। তাঁদের গবেষণা শুধু বাংলাদেশেই ব্যবহৃত হচ্ছে না, বরং একই রকম স্বাস্থ্যগত চ্যালেঞ্জের সম্মুখীন দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও কাজে লাগানো হচ্ছে।
'শিশুদের জন্য সরকারের গৃহীত টিকাদান কর্মসূচি এবং স্বাস্থ্যসেবায় জোরালো সহায়তার পাশাপাশি সিএইচআরএফের কাজের সুবাদে বাংলাদেশ পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার অব্যাহতভাবে কমিয়ে আনছে ও সার্বিক স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে অগ্রগতি অব্যাহত রেখেছে। ১৭ কোটি মানুষের এই বাংলাদেশে টিকাদান কর্মসূচির আওতা এখন ৯৮ শতাংশে পৌঁছেছে।'

সেঁজুতি সাহা বিষয়ে তিনি লেখেন,  '২০১৭ সালে বাংলাদেশে শিশুদের মধ্যে মেনিনজাইটিসের সংক্রমণ হঠাৎ অনেক বেড়ে যায়। কিন্তু এর কোনো ব্যাখ্যা মিলছিল না। সেই সময় সেঁজুতি শিশুদের জিনগত উপাদান বিশ্লেষণ করে এর রহস্য উন্মোচনে সক্ষম হন। (তিনি উদ্ভাবন করেন, চিকুনগুনিয়া জ্বরের বিস্তারের কারণেই মেনিনজাইটিসের প্রকোপ বেড়েছে। আর চিকুনগুনিয়ার ভাইরাস ছড়ায় মশার মাধ্যমে।) কিন্তু রহস্য সবিস্তারে জানতে নমুনা সংগ্রহ করে তা বিশ্লেষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠান তিনি। তখন থেকে তিনি বাংলাদেশে এ রোগনির্ণয়ে স্বল্পমূল্যের একটি উপকরণ বের করেন, যাতে ভবিষ্যতে মেনিনজাইটিস ও অন্যান্য প্রাণঘাতী ব্যাধির বিস্তার দ্রুত মোকাবিলায় দেশকে সহায়তা করা যায়'।

বিল গেটস এর লেখার লিংক।