কয়েকটি ব্রিটিশ মুসলিম সংগঠনের নেতৃত্বে যুক্তরাজ্যের বার্মিংহামের মসজিদে গৃহহীনদের আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। আশ্রয়গ্রহণকালীন তাদের খাবার ও নাশতার ব্যবস্থা করা হয়। জনসেবায় তাদের এ উদ্যোগের নাম ‘গৃহহীনদের সঙ্গে আমাদের মসজিদ’। এর মধ্যে আল-সুফফা ইনস্টিটিউট এবং গ্রেট ব্যার মুসলিম ফাউন্ডেশনের উদ্যোগ অনন্য। তারা বিভিন্ন মসজিদে শীত মৌসুমে গৃহহীনদের আশ্রয় দিতে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সপ্তাহের শুরুতে বার্মিংহামের গ্রিন লেন মসজিদ এবং কমিউনিটি সেন্টার (জিএলএমসিসি) গৃহহীনদের আশ্রয়ে দরজা খুলে দিয়েছে। গ্রেট ব্যার মুসলিম ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে লিখেছে, ‘গৃহহীনদের পাশে মসজি’ প্রকল্পের অংশ হিসেবে আমরা আজ রাতে গৃহহীনদের জন্য ঘুম ও খাবারের ব্যবস্থা করছি। যদিও প্রতি রাতে গৃহহীনদের খাবারদান ও আশ্রয়ের ব্যবস্থা করা আমাদের স্বাভাবিক কাজ। তারপরও তাদের আরামের জন্য আমরা নতুনভাবে আয়োজন করেছি।
অন্যদিকে কানাডার মসজিদে শীতার্ত মানুষদের আশ্রয় দেওয়া হয়েছে। গৃহহীন শীতার্ত মানুষদের রাত যাপনের জন্য মসজিদের দরজা উন্মুক্ত করে দিয়েছে কানাডার মুসলিমরা। মূলত অ্যাডমন্টনে অবস্থিত কানাডার সর্বপ্রাচীন মসজিদ আল-রাশিদ মসজিদ কর্তৃপক্ষ এই মানবিক পদক্ষেপ নিয়েছে। সংবাদমাধ্যমকে তারা জানান, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গৃহহীনদের পাশে দাঁড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। রাত যাপনের পাশাপাশি তাদের প্রয়োজনীয় খাবার-পানীয়ও তাদের সরবরাহ করা হবে। দাতব্য সংস্থা দ্য মুসতার্দ সিডের সঙ্গে আল-রাশিদ মসজিদ যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে।
মসজিদ কর্তৃপক্ষ আশপাশের এলাকার সবার প্রতি অনুরোধ জানিয়েছে যে, যেন তারা গৃহহীনদের মসজিদে পৌঁছে দেন। কিংবা ২১১ হেল্পলাইনে ফোন দিয়ে অবগত করেন, যাতে মসজিদ-কর্তৃপক্ষ মানুষের সেবা করতে পারে। উল্লেখ্য, পশ্চিমা বিশ্বের দেশগুলোতে শীতকালে মসজিদে গৃহহীনদের আশ্রয় দেওয়া হয়। এক দশক ধরে এ রীতিটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে।