কলেজছাত্রকে ছুরিকাঘাত

ভৈরবে ছিনতাইকারীর গ্রেপ্তার ও বিচার দাবি

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাকিব হোসেন নামে এক কলেজছাত্র আহতের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভৈরব হাজী আসমত কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে ওইসব কর্মসূচি পালিত হয়। পরে তারা তাদের দাবি তুলে ধরে ভৈরব থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয়।

বেলা ১১টার দিকে ভৈরব হাজী আসমত কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয়মোড়ে এসে মানববন্ধন করে।

শিক্ষার্থীদের কর্মসূচির প্রতি একাত্মতা পোষণ করে এ সময় সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের শিক্ষার্থী ও শিক্ষক ও রাজনৈতিক নেতারা অংশ নেন। ছাত্রনেতা মেহেদি রিয়াদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা আতিক আহমেদ সৌরভ, ভৈরব উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশারফ হোসেন মুছা, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি মিথিলা প্রভা প্রমুখ।