বাবার পাঠানো মোবাইল ফোনটাই কাল হলো শিশু ইসমাইল হোসেনের (১০)। তার মোবাইলটি ছিনিয়ে নিতে নৃশংসভাবে হত্যা করে প্রতিবেশী নবম শ্রেণির শিক্ষার্থী (১৫)। হবিগঞ্জ থানার পুলিশ হত্যকা-ের রহস্য উদঘাটন করতে গিয়ে এ তথ্য নিশ্চিত হয়েছে। হবিগঞ্জ শহরতলির তেঘরিয়া গ্রামের সৌদিপ্রবাসী ফারুক মিয়ার ছেলে ইসমাইল হোসেন স্থানীয় একটি প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। মাসখানেক আগে ছেলের জন্য বিদেশ থেকে মোবাইল ফোনসেট পাঠান ফারুক। মোবাইলের লোভে পড়ে প্রতিবেশী শিক্ষার্থী। সে হবিগঞ্জ জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
ওই শিক্ষার্থীর উদ্ধৃতি দিয়ে গত বুধবার রাত ৮টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ জানান, এক মাসের পরিকল্পনায় এ হত্যাকা- ঘটিয়েছে সে। পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, ১০ জানুয়ারি ইসমাইল হোসেনকে পোদ্দারবাড়ি এলাকায় নাটক দেখার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় ওই ছাত্র। পরে ১৩ জানুয়ারি সকালে সদর উপজেলার চরহামুয়া গ্রামের পাশের খোয়াই নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল। এ ব্যাপারে ইসমাইলের চাচা টেনু মিয়া বাদী হয়ে ১৪ জানুয়ারি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা করেন।