সরস্বতী পূজার দিনে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ বাতিল দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে অর্ধশতাধিক শিক্ষার্থী এ অনশনে বসেন। তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও জাতীয়তাবাদী ছাত্রদল।
আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে প্রতীক পেয়ে প্রার্থীরা প্রচার চালাচ্ছেন। কিন্তু একই দিন সরস্বতী পূজা হওয়ায় হিন্দু ধর্মাবলম্বীরা তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছে। এজন্য তারা আদালতের দ্বারস্থও হয়েছে।
গত মঙ্গল ও বুধবার শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এর মধ্যে বুধবার নির্বাচন কমিশন ভবন ঘেরাও করতে গেলে শাহবাগে পুলিশ তাদের বাধা দেয়। আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল অনশনে বসেন শিক্ষার্থীরা। জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস বলেন, ‘একসঙ্গে পূজা ও নির্বাচন হতে পারে না। আমরা তারিখ পরিবর্তনের দাবি জানাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে।’
এদিকে গতকাল রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘আন্দোলনের মাধ্যমে ইসিকে নির্বাচনের তারিখ পরিবর্তনে বাধ্য করা হবে। বর্তমান সরকার মুখে অসাম্প্রদায়িকতার কথা বললেও পূজার দিনে ভোট করছে। তারা হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তাদের ক্ষমা চাইতে হবে।’
তারিখ পেছানোর পক্ষে শিক্ষক সমিতি : সরস্বতী পূজার দিন বাদে নির্বাচন করার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল সন্ধ্যায় এক বিবৃতিতে সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া এ দাবি জানান। তারা বলেন, ‘পূজার দিনে নির্বাচনের তারিখ ঘোষিত হওয়ায় সনাতন ধর্মাবলম্বীদের মনে আঘাত হেনেছে।