প্রেম-ভালোবাসা-বিয়ে, আর অবশ্যই বয়স নিয়ে নতুন সমীকরণ দেখালেন কলকাতার বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে।
আনন্দবাজার পত্রিকা জানায়, দীর্ঘদিনের পার্টনার অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন দীপঙ্কর। পাত্র ৭৫, পাত্রী ৪৯....তাতে কী? ভালোবাসার কাছে বয়স যে তুচ্ছ — তা আরও একবার প্রমাণ করলেন এই জুটি।
বৃহস্পতিবার রাত্রে দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁতে বসেছিল বিয়ের আসর। ঘরোয়া অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে রেজিস্ট্রি করেন তারা।
পত্রিকাটি লেখে, সাদা পাঞ্জাবিতে এই বয়সেও দীপঙ্কর যেন তরুণ তুর্কি। অন্যদিকে লাল বেনারসি, মানানসই গয়নায় দোলনও অপরূপা। হলো মালাবদলও।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শীর্ষ সেন সহ বিশিষ্টজনেরা।
বহু বছর ধরেই লিভ-ইন সম্পর্কে ছিলেন দীপঙ্কর-দোলন। অবশেষে এক হলো চার হাত।