একদিন আগেই পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন মোহাম্মদ হাফিজ। নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ফেরানো হয়েছে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ডাক পাওয়ার পরই অবসরে ঘোষণা দিয়েছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।
শুক্রবার হাফিজ ঘোষণা দিয়েছেন, এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপর পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। সংবাদমাধ্যমকে হাফিজ বলেন, ‘আমি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই এবং এরপর জাতীয় দল থেকে সরে যেতে যাব।’
২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর পাকিস্তান দলে নিজেকে অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন হাফিজ। ২০১৮ সালে খেলেন সর্বশেষ টেস্ট। ৫৫ টেস্টে ৩৬৫২ রানের পাশাপাশি ৫৩ উইকেট নিয়েছেন।
সবশেষ ওয়ানডে খেলেছেন ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে। ২১৮ ওয়ানডেতে ৬৬১৪ রানের সঙ্গে ১৩৯ উইকেট তার। ৮৯ টি-টোয়েন্টিতে ১৯০৮ রানের সঙ্গে ৫৪ উইকেট নিয়েছেন। টেস্টে ১০টি ও ওয়ানডেতে ১১টি সেঞ্চুরি রয়েছে।
পাকিস্তানকে টি-টোয়েন্টিতে দীর্ঘ সময় নেতৃত্বও দিয়েছেন হাফিজ। তার নেতৃত্বে ২৯ টি-টোয়েন্টিতে ১৭টিতে জয় পেয়েছে পাকিস্তান, হার ১১টিতে, একটি ম্যাচ টাই হয়। এ ছাড়া একটি টেস্ট ও দুটি ওয়ানডেতেও দেশকে নেতৃত্ব দেন হাফিজ।
তবে ক্যারিয়ার জুড়ে বেশ কয়েকবার হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে উঠেছে প্রশ্ন। সেই সময়গুলোতে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলতে হয়েছে তাকে।
বিদায়ের ঘোষণা দিয়ে হাফিজ বলেন, ‘আমি ১৭ বছর পাকিস্তানের হয়ে খেলেছি। চেষ্টা করেছি সেরাটা দেওয়ার।’ নিষেধাজ্ঞার সময়গুলোতে বোলিংটা যে বেশ মিস করেছেন সেটি বলতেও ভোলেননি।