বাগেরহাটে ব্যাটারি চালিত অটোরিকশায় গলায় ওড়না পেঁচিয়ে নাহিদা আক্তার শম্পা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শহরের দশানী এলজিইডির মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নাহিদা আক্তার শম্পা শহরের দশানী এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন। তার স্বামী আসাদুল আলম ব্যাপারী ফ্রান্স প্রবাসী।
বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বলেন, অসাবধানতাবশত তার গলার ওড়না অটোরিকশার চাকায় জড়িয়ে যায়। এতে তার গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শম্পার ও তার প্রবাসী স্বামী আসাদুলের শোয়াইব নামে দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দীন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শম্পার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।