অঘটন! ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে যদি আফগানিস্তান হারিয়ে দেয় তবে সেটি কি অঘটন হিসেবে বিবেচিত হবে? আফগানরা তো নিজেদের সামর্থ্যের জানান দিচ্ছে অনেক দিন ধরেই। যার ছাপ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও।
তবে শুক্রবার শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আফগান যুবারা যেভাবে দক্ষিণ আফ্রিকা যুব দলকে হারাল, সেটি চমকে যাওয়ার মতোই। স্বাগতিক দলকে একরকম উড়িয়ে দিয়েছে তারা। ম্যাচ নিজেদের করেছে ৭ উইকেটে।
আফগানদের এদিনের জয়ের নায়ক লেগ স্পিনার শফিকউল্লাহ গাফারি। ‘নতুন রশিদ খান’ নিয়েছেন ৬ উইকেট। ৯.১ ওভারে মাত্র ১৫ রানে ৬ উইকেট নেন এ স্পিনার।
আগে ব্যাট করে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। জবাবে মাত্র ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩০ রান করে আফগান যুবারা। তার মানে ১৫০ বল হাতে রেখে জিতেছে আফগানিস্তান।
কিম্বারলিতে টস জিতে আগে ব্যাট করে স্বাগতিকেরা। কিন্তু ইনিংসে ছিল চরম ব্যাটিং ব্যর্থতা। মাত্র তিনজন তিন অঙ্কের ঘরে রান করেন। অধিনায়ক ব্রিস পারসনস ৪২ বলে ৪০, লুক বিফোর্ট ২৫ ও নিচের দিকে জেরাল্ড কোয়েৎজে ২৩ বলে ৩৮ করেন।
শফিকুল্লাহর লেগ স্পিন বুঝতেই পারেননি প্রোটিয়া ব্যাটসম্যানরা। তার ৬ উইকেটে প্রথম ম্যাচেই ইনিংসে ৫ উইকেট দেখল টুর্নামেন্ট। এ ছাড়া ফজলে হক ও চায়নাম্যান স্পিনার নুর আহমেদ ২টি করে উইকেট নেন।
ব্যাটিংয়ে ইব্রাহিম জাদরান ও ইমরানের হাফ সেঞ্চুরিতে সহজ জয় পায় আফগানরা। জাদরান ৭২ বলে ৫২ ও ইমরান ৪৮ বলে ৫৭ রান করেন।
ম্যাচসেরা হয়েছেন শফিকউল্লাহ গাফারি।