কাউন্সিল অব ইউরোপ অ্যাওয়ার্ড পেলেন মুসলিম চিকিৎসক

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পূর্ব ঘোতা অঞ্চলে ছয় বছরেরও বেশি সময় ধরে ভূগর্ভস্থ একটি হাসপাতাল পরিচালনা করেন এক সিরিয়ান নারী চিকিৎসক। তার নাম ড. আমানি বাল্লৌর। যুদ্ধের সময় ব্যক্তিগত সাহস, দূরদর্শিতা, শত শত জীবন বাঁচানোর আকুতি ও প্রতিশ্রুতির কারণে তিনি কাউন্সিল অব ইউরোপের রাউল ওয়ালেনবার্গ পুরস্কারে ভূষিত হয়েছেন। কাউন্সিল অব ইউরোপের অফিশিয়াল সাইটে প্রকাশিত সংবাদে এমনটা জানা গেছে। গতকাল শুক্রবার কাউন্সিল অব ইউরোপের আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে তিনি ১০ হাজার ডলার মূল্যের পুরস্কার গ্রহণ করেন। বিশেষ অনুষ্ঠানটি পরে অস্কার ২০২০ পুরস্কারের জন্য মনোনীত ন্যাশনাল জিওগ্রাফিক ডকুমেন্টারি ‘দ্য ক্যাব’-এ দেখানো হবে। ইউরোপ কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মারিজা পেজিনোভিয়াস বুরিচ এক বিবৃতিতে বলেন, মানবাধিকার ও ব্যক্তিগত মর্যাদাবোধ শান্তিকালীন বিলাসিতা নয়। যুদ্ধ-পরিস্থিতি ও দুর্ভোগের মধ্যেও ড. আমানি সহানুভূতি, পুণ্য ও সম্মানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সংবাদমাধ্যমকে মারিজা পেজিনোভিয়াস আরও বলেন, গুহাটি অবরোধের শিকার অনেক বেসামরিক লোকের জন্য আশা ও সুরক্ষার বাতিঘর হয়ে ওঠে। সেখানে ড. আমানি আক্রান্তদের সাহায্য করার জন্য নিজের নিরাপত্তা ও জীবন ঝুঁকিতে ফেলেন। তিনি ও অন্যরা রাসায়নিক অস্ত্রের আঘাতে আহত শিশুসহ অনেক লোকের জীবন বাঁচাতে দিনের পর দিন কাজ করেন।

ড. আমানি বাল্লৌর শিশুরোগ বিশেষজ্ঞ। প্রথমে তিনি আহতদের সহায়তায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করেছিলেন। এরপর দামেস্কের নিকটবর্তী শহরতলিতে অবস্থিত ভূগর্ভস্থ হাসপাতালের গুহায় প্রায় ১০০ জন চিকিৎসাকর্মীর একটি দল পরিচালনা করেন। ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত কয়েকশ মানুষের জীবন বাঁচাতে গিয়ে তিনি এ ছয় বছর ভূগর্ভস্থ হাসপাতালে কাজ করেন। এ সময় তিনি একটি তহবিল সংস্থার সঙ্গে সংঘাতময় অঞ্চলগুলোতে নারী-শিশু ও চিকিৎসাকর্মীদের সহায়তা করে যান। তুরস্কে শরণার্থী হওয়ার জন্য ২০১৮ সালে সিরিয়া ছেড়ে যান।

‘রাউল ওয়ালেনবার্গ’ পুরস্কারটি মার্কিন যুক্তরাষ্ট্রের রাউল ওয়ালেনবার্গ কমিটি প্রদান করে থাকে। যেসব ব্যক্তি, সংস্থা ও সম্প্রদায় শত প্রতিকূলতার মধ্যেও সাহস, নিঃস্বার্থ ও সাফল্যের প্রমাণ রাখে রাউল ওয়ালেনবার্গ কমিটি তাদের পুরস্কৃত করে। এ সংস্থার উদ্বোধনী পুরস্কার দেওয়া হয়েছিল স্বয়ং ওয়ালেনবার্গকে। ১৯৮৫ সাল থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর ১৭ জানুয়ারি পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। ১৯৪৫ সালের ওইদিনে রাউল ওয়ালেনবার্গ হাঙ্গেরির বুদাপেস্টে গ্রেপ্তার হওয়ার ঘটনাটি স্মরণীয় করে রাখতে এমনটা করা হয়।