রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই ভাই, মামা-ভাগ্নে, স্বামী-স্ত্রীসহ ১২ জন প্রাণ হারিয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হন। তারা ময়মনসিংহের ফুলপুর উপজেলার বড়ইকান্দি গ্রামের হারুন শেখের দুই ছেলে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় প্রাণ হারান মামা-ভাগিনা। গতকাল সকালে চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।
মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর এলাকায় আলমসাধুর ধাক্কায় ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে বাগেরহাটে ব্যাটারিচালিত অটোরিকশায় গলায় ওড়না পেঁচিয়ে নাহিদা আক্তার শম্পা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গতকাল বিকেল ৫টার দিকে নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের চারজন। তারা প্রাইভেট কারের যাত্রী ছিলেন। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর :
রাজধানীতে দুই ভাই, মামা-ভাগিনাসহ চারজন নিহত : রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই সহোদর নিহত হয়েছেন। গতকাল দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার বড়ইকান্দি গ্রামের হারুন শেখের বড় ছেলে জুয়েল শেখ (৪০) ও ছোট ছেলে লিটন শেখ (৩৫)।
উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আরাফাত জানান, দুপুরে থানার সামনের রাস্তায় মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় অভি পরিবহনের একটি বাস। এতে মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন। বাসটিকে বনানী এলাকা থেকে জব্দ করা হয়েছে।
এদিকে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মামা-ভাগিনা নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মামা আনোয়ার হোসেন (৪০) ভাগিনা সালাউদ্দিন (২০)।
পথচারী আবদুল্লাহ জানান, সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় অনাবিল পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাত ১টার দিকে মারা যান।
আনোয়ারের স্ত্রী শাহেদা বেগম জানান, তারা সাদ্দাম মার্কেট এলাকায় থাকেন। দুই সন্তানের জনক আনোয়ার। তিনি মতিঝিল এলাকায় পানির ব্যবসা করতেন। ভাগিনা সালাউদ্দিনের বাড়ি কুমিল্লা।
পটিয়ায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ : চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার শান্তিরহাটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওমর ফারুক (৪০)। তার বাড়ি চট্টগ্রামের ডবলমুরিং এলাকায়। জাহিদ হোসেন (৩৮)। তার বাড়ি কক্সবাজার জেলায়। অপরজন জাহিদের স্ত্রী নিগার সুলতানা (৩৫)।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে পটিয়াগামী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বাস দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক।
মিরসরাইয়ে পৃথক দুর্ঘটনায় নিহত ২ : চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর ও বেলা সাড়ে ১১টায় বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের ঘেড়ামারা ফরেস্ট অফিস এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর এলাকায় মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় পারভীন আক্তার (৪২) নামে এক নারী নিহত হন। তিনি উপজেলার শাহেরখালী ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার শহীদ মেম্বারবাড়ির আবুল হাশেমের স্ত্রী। বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।
অপরদিকে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে বালুবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবদুল্লাহ আল নোমান (২৫)। নোমান ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের আবদুল করিমের পুত্র। দুর্ঘটনায় গুরুতর আহত চিকু বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর এলাকায় আলমসাধুর ধাক্কায় আদনান নামে ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে কালীগঞ্জ উপজেলার তত্তিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আদনানের বাবার নাম মিজানুর রহমান।
কালীগঞ্জ থানার তত্তিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) শামসুল আলম দেশ রূপান্তরকে জানান, কালীগঞ্জ শহর থেকে রডবোঝাই একটি আলমসাধু তত্তিপুরের দিকে যাচ্ছিল। পথে মোস্তবাপুর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আদনানকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তার ওপর ছিটকে পড়ে। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চালক পালিয়ে গেলেও আলমসাধুটি আটক করেছে পুলিশ।
বাগেরহাটে প্রাণ গেল গৃহবধূর : বাগেরহাটে ব্যাটারিচালিত অটোরিকশায় গলায় ওড়না পেঁচিয়ে নাহিদা আক্তার শম্পা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের দশানী এলজিইডির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নাহিদা আক্তার শম্পা শহরের দশানী এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করতেন। তার স্বামী আসাদুল আলম ব্যাপারী ফ্রান্সপ্রবাসী।
বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বাদামতলা থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে দশানীর বাসায় যাওয়ার পথে দশানী এলজিইডির মোড়ে পৌঁছালে অসাবধানতাবশত তার গলার ওড়না অটোরিকশার চাকায় জড়িয়ে যায়। এতে তার গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবপুরে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ১ : নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে উজ্জ্বল মিয়া (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। গতকাল বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চৈতন্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের চারজন। আহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী। নিহত উজ্জ্বল মিয়া কিশোরগঞ্জের হোসেনপুর এলাকার মফিজ উদ্দীনের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারের চালক ছিলেন।
আহতরা হলেন শিবপুরের যোশর ইউনিয়নের শরীফপুর গ্রামের হাসান আলীর ছেলে আবদুল আজিজ (৫০), হযরত আলীর ছেলে সালাউদ্দিন (৫৪) ও তার স্ত্রী সুলতানা বেগম (৪০) এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর হোসেনের ছেলে মাশরাফি (২২)। আহতদের সবাই একই পরিবারের সদস্য।