পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা

পাকিস্তান সফরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। ১৫ সদস্য দলে নতুন মুখ বিপিএলে ঝিলিক দেখানো ডানহাতি পেসার হাসান মাহমুদ। দীর্ঘ দিন পর দলে ফিরেছেন তামিম ইকবাল।

ঘোষণা অনুযায়ী আগে থেকেই দলে নেই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তাছাড়া নভেম্বরে ভারত সফরে খেলা সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন স্পিনার আরাফাত সানি, তাইজুল ইসলাম ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।

প্রায় সাড়ে পাঁচ মাস বেশি সময় পর জাতীয় দলে ফিরলেন তামিম। বিশ্বকাপের পর গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ম্যাচ খেলার পর থেকে মাঠের বাইরে এই ওপেনিং ব্যাটসম্যান। আর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরলেন এক বছরের বেশি সময় পর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালের ডিসেম্বরে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।

এক বছরের বেশি সময় পর টি-টোয়েন্টিতে ফিরলেন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তামিমের সঙ্গেই সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। আগস্টের পর টি-টোয়েন্টি দলে ফিরলেন বিপিএলে ধারাবাহিক পারফরম্যান্স দেখানো পেসার রুবেল হোসেন।

গত সেপ্টেম্বরে ঘরের মাঠে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলার পর ভারত সফরে বাদ পড়ে যান নাজমুল হোসেন শান্ত। বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আবার দলে ফিরলেন টপ অর্ডার ব্যাটসম্যান।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল:  মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ