অবশেষে জাতীয় জনগণনা পঞ্জিতে (এনপিআর) বাবা-মায়ের জন্মস্থানের তথ্য পূরণের বিষয়ে সুর নরম করল ভারত। দেশটির কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে, ইচ্ছা করলে এই তথ্য এড়িয়ে যেতে পারবেন নাগরিকেরা।
কেন্দ্রের দাবি, প্রশ্ন দুটি আগের এনপিআরে ছিল। তবে তা নিয়ে তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়।
বাবা-মায়ের জন্মতারিখ ও জন্মস্থান কেন জানাতে হবে-তা নিয়ে আপত্তি জানিয়ে আসছিল কয়েকটি রাজ্য।
দিল্লিতে জনগণনা ও এনপিআর সংক্রান্ত বৈঠকে পশ্চিমবঙ্গ ছাড়া সব রাজ্যই হাজির ছিল। ছিলেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এ কে ভাল্লা ও রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার (আরজিআই) কর্মকর্তারা। সেই বৈঠকে এনপিআর ফর্মের ১৩ (২) নম্বর প্রশ্ন নিয়েই কেন্দ্রের ব্যাখ্যা চায় বিরোধী-শাসিত রাজ্যগুলো।
বৈঠকের পর রাজস্থানের মুখ্যসচিব ডি বি গুপ্ত বলেন, ‘আমরা জানিয়েছি, বাবা-মায়ের জন্মস্থান ও তারিখ জানতে চাওয়া অপ্রয়োজনীয়। কারণ এ দেশের অধিকাংশ মানুষ নিজেদেরই জন্মস্থান ও তারিখ মনে রাখতে পারেন না।’
এনিয়ে কেন্দ্রের ব্যাখ্যা, প্রশ্ন দুটি আগের এনপিআরে ছিল। তবে তা নিয়ে তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়। যিনি এই সংক্রান্ত দিতে চাইবেন না, তিনি নাও দিতে পারেন।