মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনে ছোড়া ঢিলে আফরিদা জাহান রুহি নামে দুই বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে।
শনিবার সকালে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় পৌঁছালে ট্রেনটিতে ঢিল ছোড়া হয়।
আহত আফরিদা জাহান রুহি সিলেট জিন্দাবাজার এলাকার মো. রাসেল আহমেদের মেয়ে।
রাসেল আহমেদ বলেন, ‘ঢাকা থেকে আমার স্ত্রী দুই সন্তানকে নিয়ে পারাবত ট্রেনে করে সিলেট যাচ্ছিল। ট্রেনটি শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের ভেতরে রেললাইনের পাশ থেকে ঢিল ছোড়া হয়। ঢিলটি আমার সন্তানের গায়ে লাগলে সে গুরুতর আহত হয়। পরে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক নারায়ণ বলেন, উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন দেশ রূপান্তরকে বলেন, আমরা বিষয়টি শুনেছি। যারা ঢিল ছুড়েছে, তাদের ধরার চেষ্টা চলছে। ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমরা সচেতনতা সভা করব।