অতিরিক্ত মাল বোঝাই ট্রাকের চাপে ডুবে গেছে বরিশাল-মীরগঞ্জ-মুলাদি-হিজলা সড়কের মীরগঞ্জ ফেরিঘাটের পূর্ব প্রান্তের পন্টুন ও গ্যাংওয়ে। এতে ওই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ।
শনিবার সকাল ৮টায় মীরগঞ্জ ফেরিঘাটের পূর্ব প্রান্তে এই বিপর্যয় ঘটে। ট্রাক চালক ও হেলপার এ ঘটনার পর পালিয়ে যায়।
সড়ক ও জনপথ অধিদপ্তরের ফেরি বিভাগ আংশিক নিমজ্জিত ট্রাকটি উত্তোলন করে দ্রুত সময়ের মধ্যে ওই ফেরিঘাট সচল করার চেষ্টা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় বাসিন্দা জহিরুল অরুণ জানান, ১৬টি খাম্বা ধারণ ক্ষমতার ট্রাকে ৪২টি খাম্বা নেওয়ার কারণেই ওই দুর্ঘটনা ঘটছে।
মীরগঞ্জ ফেরিঘাটে ফেরি বিভাগের সুপারভাইজার মো. রফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক খাম্বা বোঝাই ট্রাকটি ফেরি থেকে উঠে গ্যাংওয়ে পার হওয়ার সময় ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। খাঁড়া ঢাল থাকায় ট্রাকটি মুহূর্তে পেছনের দিকে পন্টুনে গিয়ে ঠেকে যায়। এতে অতিরিক্ত ওজনের চাপে পন্টুন কাত হয়ে পানি ঢুকে যায়। এ সময় ট্রাকের পেছনের অংশসহ পন্টুন পুরোপুরি এবং গ্যাংওয়ে আংশিক ডুবে যায়।
সড়ক ও জনপথ অধিদপ্তরের বরিশাল ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজম শেখ বলেন, ট্রাকটি অতিরিক্ত মাল বোঝাই হওয়ায় দুর্ঘটনা ঘটেছে। ট্রাকের খাম্বাগুলো আগে উত্তোলন করে ট্রাকটি উদ্ধারের পর ক্রেন দিয়ে ডুবে যাওয়া পন্টুন উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে সরাসরি যান চলাচল শুরুর জন্য ওই ঘাটের পাশে একটি বিকল্প গ্যাংওয়ে নির্মাণসহ একটি পন্টুন প্রতিস্থাপনের কাজ চলছে।
সড়ক ও জনপথ বিভাগ এবং ফেরি বিভাগ যৌথভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানান নির্বাহী প্রকৌশলী মো. আজম শেখ।