প্রায় চার মাস ধরে চলা ভয়াবহ দাবানলের পর ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে অস্ট্রেলিয়ায়। স্বস্তির বৃষ্টিতে দাবানলের উত্তাপ কিছুটা কমলেও এবার দেখা দিয়েছে নতুন বিপদ। গতকাল শনিবার দেশটির পূর্ব উপকূলীয় এলাকায় প্রবল বর্ষণের ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস (এনএসইউ) ও কুইন্সল্যান্ডে প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ তিনটি রাজ্য কিছুদিন আগে ভয়াবহ দাবানলে পুড়ছিল। বাজে আবহাওয়ার কারণে কুইন্সল্যান্ডের প্রধান সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। নিউ সাউথ ওয়েলসের কিছু অংশও এখন বিদ্যুৎবিচ্ছিন্ন।
এই বৃষ্টিপাত দাবানল নিয়ন্ত্রণে আনতে বেশ সাহায্য করছে বলে জানিয়েছেন দেশটির দমকলকর্মীরা। তবে নিউ সাউথ ওয়েলসে প্রবল বর্ষণ ও ঝড়ের ফলে বেশ কিছু এলাকায় বন্যা সতর্কতাও জারি করা হয়েছে।
দমকলকর্মীরা জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে তারা বৃষ্টির কারণে সৃষ্ট অনুকূল পরিস্থিতি ও শীতল আবহাওয়ার সুবিধা পাচ্ছেন। তবে ৭৫টি জায়গায় এখনো আগুন জ্বলছে। কিছুদিন আগেও এই সংখ্যা শতাধিক ছিল।