সরকারি উদ্যোগে চিকিৎসার দাবি

গুরুতর অসুস্থ মুক্তিযোদ্ধা ভানু নেছা

আশপাশের দশ গ্রামের নারীরা যখন প্রাণভয়ে সবকিছু ফেলে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছিলেন, তখন কোলের সন্তান রেখে দেশমাতৃকার টানে অস্ত্র হাতে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন পাবনার সাঁথিয়া উপজেলার ভানু নেছা। সহযোদ্ধাদের বাঁচাতে কপালে গুলিবিদ্ধ হয়েছেন।

কিন্তু ছয় মাস ধরে ভালো নেই স্বাধীনতাযুদ্ধের বীর সেনানী পাবনার তালিকাভুক্ত এবং জীবিত একমাত্র এই নারী মুক্তিযোদ্ধা। বার্ধক্যজনিত নানা জটিল রোগে দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী তিনি। রণাঙ্গনের অসীম সাহসী এই মুক্তিযোদ্ধার সুচিকিৎসার দায়িত্ব নেবে সরকার দাবি সহযোদ্ধা ও স্থানীয়দের।

গতকাল শনিবার সাঁথিয়ার তেঁতুলিয়া গ্রামের ভানু নেছার বাড়িতে গিয়ে দেখা যায় মাঘের কনকনে এই শীতেও কুঁড়েঘরের মেঝেতে শুয়ে আছেন প্রায় ৮০ বছর বয়সী এই বৃদ্ধা। কেমন আছেন জানতে চাইলে ইশারায় এই প্রতিবেদককে নিজের অসহায়ত্বের কথা জানিয়ে ভানু নেছা ভেঙে পড়েন কান্নায়।

সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুল লতিফ বলেন, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর ভানুর সাহসিকতার কারণেই আমরা প্রাণে বেঁচে যাই।