পূর্ব নোটিস ছাড়াই সড়ক বন্ধ করে সংস্কার কাজে হাত দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তিন উপজেলার বাসিন্দারা। গতকাল শনিবার সকাল থেকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরের প্রধান সড়কটি বন্ধ করে দেয় সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। সংস্কার কাজের জন্য আনোয়ারা থানার মোড় থেকে জয়কালী বাজার পর্যন্ত দেড় কিলোমিটার সড়কে যান চলাচল বন্ধ করা হয়। সওজ বিভাগ বলেছে, এ বিষয়ে আনোয়ারা উপজেলায় মাইকিং করা হয়েছে।
এদিকে হঠাৎ করেই কোনো নির্দেশনা ছাড়া গুরুত্বপূর্ণ সড়কটি বন্ধ করে দেওয়ায় এলাকাবাসীকে ব্যবহার করতে হচ্ছে বিকল্প সড়ক। এছাড়া এ সড়ক দিয়ে চলাচলকারী পটিয়া, চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এতে যানবাহন চলাচলে যেমন অসুবিধা হচ্ছে, তেমনি ওই এলাকার ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, ধীরগতিতে সড়কের সংস্কার কাজ করায় দীর্ঘদিন ধরে ধুলাবালি আর যানজটের কষ্ট পোহাতে হচ্ছে। তার ওপর সড়ক সংস্কারের কথা বলে বন্ধ রাখা হয়েছে সড়কটিও। দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী সুমন সিংহ বলেন, সড়কটি খুবই গুরুত্বপূর্ণ তাই সংস্কার কাজের জন্য বন্ধ রাখা হয়েছে।