মারধর করার অভিযোগ না নিয়ে উল্টো গালাগাল দেওয়ার প্রতিবাদ ও শৈলকুপা থানার ওসি বজলুর রহমানকে প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন শ্রমিকরা। এ সময় ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খোকন দেশ রূপান্তরকে বলেন, গত শুক্রবার এম এস সোনার বাংলা নামের গাড়ির সুপারভাইজর আকাশ শেখকে যাত্রীরা মারপিট করেন। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় অভিযোগ দিতে গেলে ওসি বজলুর রহমান অভিযোগ না নিয়ে উল্টো গালাগাল দেন। তারা বাসের শ্রমিক ও মালিকদের অপমান করেন। এ ব্যাপারে বক্তব্য জানতে শৈলকুপা থানার ওসি বজলুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।