রাজশাহীর নগরীর ডাশমারি এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশালের উজিরপুর উপজেলার শোলক গ্রামে পানিতে ডুবে মারা গেছে আরও দুই শিশু। গতকাল শনিবার এ দুটি ঘটনা ঘটে।
রাজশাহী নগরীর ডাশমারিতে মারা যাওয়া শিশুরা হলো মাসুদ রানার ছেলে ফাহিম (৪) ও রনির ছেলে ফারহান (৪)। তারা মামাতো-ফুফাতো ভাই।
প্রতিবেশীরা জানান, সকাল ৯টার দিকে ডাশমারি এলাকায় বাড়ির পাশে দুই শিশু খেলা করছিল। হঠাৎ পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশে পুকুর থেকে তাদের উদ্ধারের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরিশালের উজিরপুর উপজেলার শোলক গ্রামের ওবায়দুল হক হাওলাদারের ছেলে আরাফাত ছানী (৫) ও তার ফুপাতো বোন মারিয়া আক্তার (৩) গতকাল সকালে খেলার সময় সবার অজান্তে বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উজিরপুর থানা পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।