মৌলভীবাজারের বড়লেখায় চা বাগানে স্ত্রী, শাশুড়ি ও দুই প্রতিবেশীকে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নির্মল (৩০) নামে এক যুবক। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাতল চা বাগানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নির্মল (৩০), তার স্ত্রী জলি (২৬), শাশুড়ি লক্ষ্মী (৪৩), প্রতিবেশী বসন্ত (৩৭) ও বসন্তের মেয়ে শিউলি (৬)। নিহতরা পাল্লাতল এলাকায় চা শ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে নির্মল ও ডলির মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ডলিকে মারধর করতে থাকলে ডলি দৌড়ে অন্য ঘরে বাবা-মায়ের কাছে চলে আসেন। নির্মল ধারালো অস্ত্র দিয়ে ডলিকে কোপাতে থাকে। তাকে রক্ষা করতে শাশুড়ি ছুটে আসলে তাকেও কোপান নির্মল। এ সময় দুই প্রতিবেশী এগিয়ে আসলে তাদেরকেও তিনি কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হলে ঘাতক নির্মল নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুখ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শুনে আমরা যাচ্ছি। যতটা জেনেছি ঘাতক নিজেও আত্মহত্যা করেছে। বিস্তারিত স্পটে গিয়ে জানা যাবে।