অ্যান্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোরের চিকিৎসার পুরো দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

অ্যান্ড্রু কিশোর বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার ধরা পড়ে।

গণমাধ্যমকে আশরাফুল আলম খোকন জানান, শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকির জন্য ইতিমধ্যে সিঙ্গাপুরের বাংলাদেশ দূতাবাসকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তার চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন।

চিকিৎসকেরা জানান, অ্যান্ড্রু কিশোরকে ছয়টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে। ইতিমধ্যে ৪টি সাইকেলে তার ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। পঞ্চম সাইকেলের দ্বিতীয় কেমোথেরাপি চলছে।এখনো ৬টি কেমো বাকি।

সিঙ্গাপুর হাসপাতাল থেকে অ্যান্ড্রু কিশোরের চিকিৎসার বাজেট দেয়া হয় প্রায় আড়াই কোটি টাকা। এখন পর্যন্ত দুই কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করেছে শিল্পীর পরিবার। চিকিৎসা ব্যয় মেটানোর জন্য রাজশাহীর নিজের ফ্ল্যাটও বিক্রি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ কণ্ঠশিল্পী।