ভারতের কেরালার পালাক্কাড়ে স্টেডিয়ামে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া। সঙ্গে ছিলেন আরেক নামকরা খেলোয়াড় আইএন বিজয়ন।
ভারতের প্রয়াত ফুটবলার রাধাকৃষ্ণন ধনরাজনের পরিবারকে আর্থিক সাহায্যের জন্য রবিবার একটি ম্যাচের আয়োজন করা হয়েছিল। ঠিক ছিল ম্যাচ থেকে যা অর্থ আসবে তার পুরোটা ধনরাজনের বাড়ির সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু খেলা শুরুর আগেই ঘটে বিপত্তি।
স্টেডিয়ামে গাছের ডাল ও বাঁশ দিয়ে অস্থায়ীভাবে তৈরি করা একটি গ্যালারি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেখানে উপস্থিত দর্শকদের মধ্যে ৫০ জন আহত হন।
পুলিশ জানিয়েছে, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারও অবস্থা গুরুতর নয়। বাইচুং ওই সময় ঘটনাস্থল থেকে কয়েক হাত দূরে থাকায় বিপদ হয়নি।
ম্যাচটি সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ কারণে তা পিছিয়ে যায়। আটটার দিকে খেলা শুরুর ঠিক আগে ভেঙে পড়ে অস্থায়ী গ্যালারিটি।
এমন ঘটনায় স্টেডিয়ামে তীব্র আতঙ্ক ছড়ায়। পালাক্কাড়ের সাংসদ ভিকে শ্রীকন্দন গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করে বলেন, ‘ম্যাচের ঠিক আগেই এমন একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল। প্রাথমিকভাবে জানতে পেরেছি, কারও চোট গুরুতর নয়। পুলিশ, দমকলবাহিনী এবং ভলান্টিয়ারদের সহায়তায় দ্রুত আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’