বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে মানসিক ভারসাম্যহীন ছেলে আটক

চাঁদপুরের শাহরাস্তিতে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবক আকবর আলীকে (৪০) আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক এলাকা হতে তাকে আটক করা হয়। এর আগে গত রবিবার সন্ধ্যায় উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের স্বেতী নারায়ণপুর গ্রামে বৃদ্ধ বাবা চেরাগ আলীকে (৭০) কুপিয়ে হত্যা করে ছেলে আলী আকবর। এ সময় স্বামীকে বাঁচাতে এলে এ সময় আকবর তার মা ফুলমতিকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

শাহরাস্তি থানার ওসি মো. শাহ্ আলম জানান, ঘটনার রাতেই নিহত চেরাগ আলীর ছোট ছেলে সোলেমান একটি হত্যা মামলা দায়ের করেন। আটক আকবর পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

নিহত চেরাগ আলীর ময়নাতদন্ত শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।