সুনামগঞ্জে জেলা জজ আদালতের একটি নোটিস নিয়ে জারিকারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে করা মামলায় দোয়ারাবাজার উপজেলার আমবাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
গতকাল সোমবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালতে প্রধান শিক্ষসহ পাঁচজন এ মামলায় আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
স্থানীয় লোকজন ও মামলা সূত্রে জানা যায়, স্কুলের জমি দখল-বেদখলের একটি মামলায় আদালতের জারি করা নোটিস নিয়ে জেলা জজ আদালতের জারিকারক আবদুল ওয়াহিদ খান ২০১৯ সালের ২ সেপ্টেম্বর বিদ্যালয়ে যান। নোটিস রাখা না রাখা নিয়ে জারিকারকের সঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বরুণ চন্দ্র দাস, সাবেক সভাপতি অমিয় ভূষণ তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান এবং পরিচালনা কমিটির সদস্য জমিরউদ্দিনের বাগ্বিত-া হয়।