১০০ কোটি টাকার হেরোইনসহ ধরা দুই পাচারকারী

কোটি কোটি টাকার হেরোইনসহ কলকাতা পুলিশের হাতে ধরা পড়েছে দুই মাদক কারবারি।

সোমবার গভীর রাতে টালা থানার অন্তর্গত পাইকপাড়া এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সেখান থেকে উত্তর প্রদেশ ও মণিপুরের দুই বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়।

এসটিএফ সূত্রে খবর, ধরা পড়া একজনের বয়স চল্লিশ বছর। জুবের নামের ওই ব্যক্তি উত্তর প্রদেশের বাসিন্দা। তার সঙ্গী মাওলানা ফয়জুদ্দিন মণিপুরে থাকেন। তাদের সঙ্গে জিনিসপত্র ঘেঁটে ২৫ কেজির বেশি হেরোইন উদ্ধার করা হয়েছে। কলকাতা তো বটেই, উত্তর-পূর্ব ভারতেও সাম্প্রতিক সময়ে এই পরিমাণ মাদক উদ্ধার হয়নি।

দু’জনের কাছ থেকে দু’টি ভিন্ন ধরনের হেরোইন মিলেছে। জুবেরের কাছ থেকে ২০ কিলোগ্রাম বেগুনি রঙের হেরোইন মিলেছে। ফয়জুদ্দিনের কাছে ছিল ৫ কিলোগ্রাম সাদাটে হেরোইন।

প্রাথমিক তদন্তের পর এসটিএফ কর্মকর্তাদের অনুমান, ওই দুই ধরনের হেরোইন আদানপ্রদান করে তা মিশিয়ে এক নতুন ধরনের মাদক তৈরি করাই উদ্দেশ্য ছিল জুবেরদের।