দীর্ঘ মেয়াদে অধিনায়কত্ব দিলে পরিকল্পনা করা সহজ: মাহমুদউল্লাহ

দুদিন আগে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো একরকম ঘোষণার মতোই বলেছেন, আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক হিসেবে দেখতে চান তিনি। মাহমুদউল্লাহয় মুগ্ধ দক্ষিণ আফ্রিকান কোচ এভাবে বলেন, ‘মাহমুদউল্লাহ আমার অধিনায়ক।’

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার আগে মঙ্গলবার ছিল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে এ সময় ডমিঙ্গোর প্রশংসার কথা মনে করিয়ে দিলে কোচকে ধন্যবাদ দিলেন তিনি।

তবে আপাতত সিরিজ বাই সিরিজ অধিনায়ক হিসেবে কাজ করা মাহমুদউল্লাহ বিশ্বাস করেন, দীর্ঘ মেয়াদে দায়িত্ব পেলে পরিকল্পনা করা সহজ হবে তার জন্য।

অক্টোবরে সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ার পর ভারত সফরে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয় মাহমুদউল্লাহকে। টেস্টে দায়িত্ব দেওয়া হয় মুমিনুল হককে। পাকিস্তান সফরেও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থাকছে মাহমুদউল্লাহ ওপর। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অবশ্য আগেও মাহমুদউল্লাহ অধিনায়কত্ব করেছেন টেস্ট ও টি-টোয়েন্টিতে।

ভারত সফরে মাহমুদউল্লাহর নেতৃত্ব মুগ্ধ করেছে ডমিঙ্গোকে। সেই কথা মনে করিয়ে দিতেই বাংলাদেশ অধিনায়ক এদিন বললেন, ‘ওর যদি আমার প্রতি আস্থা থাকে তাহলে ধন্যবাদ। আমার মনে হয় রাসেল অনেক অভিজ্ঞ একজন কোচ এবং সে জানে দলের প্রত্যেক ক্রিকেটারকে কীভাবে সামলাতে হয়। আমার মনে হয় সবাই এই জিনিসটি বুঝে এবং তার পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করছেন।’

তবে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পূর্ণ মেয়াদে দায়িত্ব দিলে পরিকল্পনা সহজ জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব দিলে তো আমার কাছে অবশ্যই মনে হয় পরিকল্পনার জন্য সাহায্য হবে।’

তবে বোর্ডের সিদ্ধান্তে আস্থা রাখতে চান মাহমুদউল্লাহ, ‘এটা সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত। আমি এই মুহূর্তে চিন্তা করছি যে আমাকে যেহেতু এই সিরিজের দায়িত্ব দেওয়া হয়েছে আমি চেষ্টা করব যেন এই সিরিজে ভালো ফলাফল করতে পারি।’