‘সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, আমরা শুধু খেলার কথাই চিন্তা করছি।’- পাকিস্তান সফরে যাওয়ার আগে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এভাবেই বললেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
টাইগাররা পাকিস্তান সফরে যাওয়ার আগে নিরাপত্তার বিষয়টি উঠে আসছে বারবার। নিরাপত্তা ইস্যুতেই বাংলাদেশ দীর্ঘ মেয়াদে পাকিস্তান সফরে যেতে রাজি হয়নি। অনেক নাটকের পর শেষ পর্যন্ত তিন ধাপে পাকিস্তানে যেতে রাজি হয় বাংলাদেশ। প্রথম ধাপে টাইগাররা খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। লাহোরে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি।
পাকিস্তান যাত্রার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহকে শুরুতেই উত্তর দিতে হয় নিরাপত্তা বিষয়ে। এ সময় বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই মুহূর্তে আমি একটা কথা বলতে পারি। দলের অন্যান্য মেম্বাররা এই ব্যাপারে চিন্তিত নয়। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। আমরা শুধু খেলার কথাই চিন্তা করছি। কীভাবে ওখানে গিয়ে ভালো পারফর্ম করতে পারব এবং জিততে পারব- এটা নিয়ে আমরা চিন্তিত।’
নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে যাচ্ছেন না মুশফিকুর রহিম। জানিয়েছেন তার পরিবার চাচ্ছেন না পাকিস্তানে গিয়ে খেলুক তিনি। মাহমুদউল্লাহ জানালেন তার ক্ষেত্রেও পরিবারকে রাজি করানো কঠিন ছিল, ‘প্রথমে অবশ্যই কঠিন ছিল। কারণ আমার পরিবারও কনসার্ন (শঙ্কিত) ছিল। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। তো ওরা রাজি হয়েছে। এদিক থেকে আমি কিছুটা নিশ্চিন্ত, যেহেতু আমার পরিবার এতটা স্ট্রেস ফিল করবে না। কারণ পাকিস্তান আমাদের সর্বোচ্চ নিরাপত্তাই দিচ্ছে।’
টি-টোয়েন্টিতে পাকিস্তানের ফলাফল এই মুহূর্তে মোটেও ভালো নয়। তবে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে তারা। তা ছাড়া নিজেদের মাঠে খেলবে বলে বেশ এগিয়েও থাকবে বাবর আজমরা।
তবে মাহমুদউল্লাহ আশাবাদী এই সিরিজে ভালো খেলতে, ‘আমরা নয় নম্বরে, ওরা এক নম্বরে। টি-টোয়েন্টিতে তারা ধারাবাহিকভাবে খেলে আসছে। আমার মনে হয় যেভাবে আমরা ক্রিকেট খেলছি, শেষ কয়েকটি সিরিজে। আমি খুব আশাবাদী যে ভালো কিছু ম্যাচ আমরা উপহার দিতে পারব। ইনশা আল্লাহ আমরা সিরিজ জেতার চেষ্টা করব।’