লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার ভোরে উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাতীবান্ধা উপজেলার আমঝোল গ্রামের ওসমান আলীর ছেলে সুরুজ (১৭) ও একই গ্রামের শাহাজান আলীর ছেলে সুরুজ মিয়া (৩৮)।

এলাবাসী সূত্রে জানা গেছে, ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে ফেরার পথে বিএসএফের গুলিতে তারা নিহত হন।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান আবুল কাশেম বলেন, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে বিভিন্ন জনের কাছ থেকে জানতে পেরেছি।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম বলেন, এখন পর্যন্ত একজন নিহতের কথা জানতে পেরেছি। ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। সেখানে গেলে বিস্তারিত জানাতে পারব।

প্রসঙ্গত, বাংলাদেশ-ভারত সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধে ১০ বছরের বেশি সময় আগে দুই দেশ সম্মত হলেও থামেনি সীমান্ত হত্যা; বরং বেড়েছে। গুলির পাশাপাশি নানা ধরনের নির্যাতনেও হত্যার শিকার হচ্ছে বাংলাদেশিরা।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক), অধিকার এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, শুধু গত বছর জানুয়ারি থেকে গত ১৭ অক্টোবর পর্যন্ত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলি ও নির্যাতনে প্রাণ গেছে ২৪ বাংলাদেশির।

সরকারি-বেসরকারি তথ্যমতে, ২০০৯ সাল থেকে গত বছর ১৭ অক্টোবর পর্যন্ত সীমান্তে কমপক্ষে ৩১৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন। একই সময় কিছু ভারতীয় নাগরিকও নিহত হয়েছেন। তবে তাদের বিস্তারিত পরিসংখ্যান ভারতীয় গণমাধ্যম, বিজিবি বা সীমান্তসংশ্লিষ্ট কারও কাছে পাওয়া যায়নি।