সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ছেলের হারপিক খেয়ে আত্মহত্যা

খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ছোট  ছেলে অভিজিৎ চন্দ্র চন্দ (৩৫) হারপিক খেয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

অভিজিৎ খুলনা জেলা পরিষদের সদস্য ও  প্যানেল চেয়ারম্যান।  

পারিবারিক সূত্র দাবি করেছে, তিনি খুলনার ডুমুরিয়ার আরাজি সাজিয়ারা গ্রামে নিজ বাড়িতে বুধবার সকাল ১১ টায় হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা চালান। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

জরুরি বিভাগের ডা. সাইদুর রহমান জানিয়েছেন, তিনি হারপিক পান করেছেন। পরে তার অবস্থার অবনতি হওয়ায় বিকেল ৩ টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় স্কয়ার হাসপাতালে বিকেল সাড়ে ৫ টার দিকে আইসিইউতে নেওয়া হয় তাকে।

স্কয়ার হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা ৬ টা ১০  মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়।

পারিবারিক সূত্র আরও জানায়, অভিজিৎ বিবাহিত ও এক সন্তানের জনক। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন- সে বিষয়ে কেউ কোনো নিশ্চিত তথ্য দেননি।

বছর দুয়েক আগে অভিজিতের বোন বেবীও হারপিক পান করে আত্মহত্যা করেছিলেন।