চাপের কাছে মাথানত করবেন না: দুদক চেয়ারম্যান

দেশে এমন কোনো ব্যক্তি নেই যার চাপের কাছে কাউকে মাথানত করতে হবে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, ‘যে যত বড় শক্তিশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে। দুর্নীতি সমাজ থেকে কমিয়ে আনতে না পারলে আমরা উন্নত রাষ্ট্রে পৌঁছাতে পারব না। নদী, খাল ও সরকারি জমি দখলকারী ব্যক্তি যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভায় প্রদান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের দুর্নীতি কোনোভাবেই বরদাশত করা হবে না উল্লেখ করে দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘সব ধরনের কোচিং-বাণিজ্য ও নোট বই বন্ধ করতে হবে। এ জন্য জেলা প্রশাসককে আরও বেশি কঠোর হতে হবে। টেকসই ও উন্নয়নশীল রাষ্ট্র গড়তে হলে মানসম্পন্ন শিক্ষার্থী গড়ে তুলতে হবে। তা না হলে শুধু সার্টিফিকেটধারী শিক্ষার্থীরা দেশের জন্য আপদ হয়ে দাঁড়াবে। ১০৬ নম্বরে ফোন করে যে কেউ তার পরিচয় গোপন রেখে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন।’

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, দুদকের পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. হোসাইন সাফায়েত প্রমুখ উপস্থিত ছিলেন।