মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে বৃহস্পতিবার পদ্মা সেতুর ২২তম স্প্যান বসানো হয়েছে। বেলা পৌনে ১২টার দিকে সেতুর ৫ ও ৬ নম্বর পিলারের ওপর এ স্প্যানটি বসানো হয়। এর মধ্য দিয়ে সেতুর ৩ হাজার ৩০০ মিটার দৃশ্যমান হয়েছে। এর আগে গত ১৪ জানুয়ারি সেতুর ২১তম স্প্যান বসানো হয়।
পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, লৌহজং উপজেলার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে সকাল ৯টার দিকে ভাসমান ক্রেন তিয়ান-ই ৩ হাজার ১৪০ টন ওজনের ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি নিয়ে রওনা দেয়। সকাল সাড়ে ৯টার দিকে ৫ ও ৬ নম্বর পিলারের কাছে স্প্যান নিয়ে পৌঁছায় ক্রেনটি। এরপর প্রকৌশলীরা নির্ধারিত পিলারের ওপর স্প্যান বসানোর কাজ শুরু করে। দুই ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে তারা স্প্যানটি বসাতে সক্ষম হন।
তিনি আরও জানান, সেতুর মোট ৪১ স্প্যানের মধ্যে চীন থেকে পদ্মা সেতু প্রকল্প এলাকায় ইতিমধ্যে ৩৫টি স্প্যান পৌঁছেছে। বাকি স্প্যাননগুলো চলতি বছর মার্চের মধ্যেই চলে আসবে বলে আশা করা যাচ্ছে। তাছাড়া আগামী বছরের জুলাই নাগাদ সেতুর সবকটি স্প্যান বসানো সম্ভব হবে।
এদিকে পদ্মা সেতুতে পিলারের ওপর বসানো স্প্যানগুলোর নিচতলায় রেলওয়ে সস্ন্যাব এবং ওপরে রোডওয়ে সস্ন্যাব বসানোর কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।