তুরস্কে রাষ্ট্রীয় উদ্যোগে ইসলামি ব্যাংকিং

সাধারণ ব্যাংকিংয়ের পাশাপাশি তুরস্কে প্রথমবারের মতো রাষ্ট্রীয় উদ্যোগে সুদবিহীন ব্যাংকিংব্যবস্থা চালু করা হয়েছে। সুদবিহীন ব্যাংকিংব্যবস্থায় অর্থনীতির ক্ষেত্রে ইসলামের বিধিনিষেধ পালন করা হবে। এ ধরনের আর্থিক লেনদেনের জন্য দেশটিতে ইতিমধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান তৈরি হয়েছে।

সুদবিহীন ব্যাংকগুলোর পরিচালনা ও দিকনির্দেশনার জন্য ইসলামি অর্থনীতিতে অভিজ্ঞ লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। এসব প্রতিষ্ঠানের পরিচালকরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন। তুর্কি সংবাদমাধ্যম আল-মনিটরে প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানা গেছে।

এতে বলা হয়েছে, তুরস্কের ক্ষমতাসীন একে পার্টি ইসলামিক ব্যবস্থার দিকে যে যাত্রা শুরু করেছে, রাষ্ট্রীয়ভাবে সুদবিহীন ইসলামি ব্যাংকিংব্যবস্থার প্রচলনের অন্যতম পদক্ষেপ। দেশের ভবিষ্যৎ-অর্থনীতিকে বৃহৎ পরিসরে ও ইসলামের আলোকে পরিচালিত করতে এটি একে পার্টির প্রাথমিক পদক্ষেপ।

২০০২ সালে একে পার্টি তুরস্কের ক্ষমতায় আসার পর দলীয়ভাবে তারা বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান চালু করেছে, যেগুলোতে ইসলামি মূলনীতির আলোকে আর্থিক লেনদেন করা হয়। তবে এবারই দেশটিতে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে সুদবিহীন ব্যাংকিংব্যবস্থা চালু করা হয়েছে।