নারায়ণগঞ্জ বন্দরে অনুমোদনহীন ডকইয়ার্ডের জাহাজের নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। এ সময় আরও ৪ জন আহত হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ডকইয়ার্ড মালিক।
জানা গেছে, বন্দরের বিবিজোড়া এলাকায় একটি ডকইয়ার্ডে নির্মাণ করা জাহাজ পানিতে নামানোর সময় হুইল ওয়্যারের তার ছিঁড়ে জাহাজের নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত ও ৪ শ্রমিক আহত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় স্নেহা শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামে একটি বেসরকারি ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে। ১৭০ ফুট গভীরে মালবাহী কোস্টারের নিচে চাপা পড়ে নিহত শ্রমিকদের লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট। নিহতরা হলেন ইয়া রাসুল (২৩) ও রাসেল(৩২)। নিহত ইয়া রাসুল মেঘনার ঝাউচর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে। রাসেলের বাড়ি একই এলাকায় বলে জানা গেছে।
ঘটনার পর বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, থানার ওসি রফিকুল ইসলাম, আজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, বন্দরের বিবিজোড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে স্নেহা শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামে একটি ডকইয়ার্ড নির্মাণ করেন আবুল কালাম নামে এক ব্যক্তি। সম্প্রতি এ ডকইয়ার্ডে একটি জাহাজ নির্মাণ করা হয়। নির্মাণ শেষে জাহাজটি বৃহস্পতিবার সন্ধ্যায় স্লিপওয়ে দিয়ে পানিতে ভাসানোর সময় স্লিপওয়ে দেবে গিয়ে দুই শ্রমিক মারা যান। নিহত শ্রমিকদের লাশ জাহাজের নিচে চাপা পড়ে আছে। অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ক্রেনের ব্যবস্থা না থাকায় লাশ দুটি উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন।
কোনো প্রকার অনুমোদন না নিয়ে দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে ডকইয়ার্ড মালিক জাহাজ নির্মাণের কাজ করে আসছে বলে স্থানীয়রা জানান।