ক্যানসার আক্রান্ত বদরুলকে বাঁচতে প্রয়োজন ১৫ লাখ টাকা

বদরুল আমীন বেঞ্জু। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আকাশসম স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনা শেষ করে হাল ধরবে পরিবারের। চিকিৎসা করবে ক্যানসার আক্রান্ত মায়ের। মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনার অর্থের জোগানদাতা বাবাকে আর ড্রাইভারের সিটে বসতে দেবে না।

এ রকম হাজারো স্বপ্ন ছিল হয়তো তার মনে। কিন্তু স্বপ্নগুলো আজ অধরা হওয়ার পথে। মায়ের মতো নিজেও আক্রান্ত হয়েছেন একই মারণব্যাধিতে। জিহ্বা ক্যানসারে আক্রান্ত হয়ে বদরুল এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।

পরিবার সূত্র জানিয়েছে, জিহ্বা ক্যানসারে আক্রান্ত হয়ে বদরুল আমিন বেঞ্জু বর্তমানে বগুড়ার ওলোকা ক্লিনিকে চিকিৎসাধীন। ইতিমধ্যে তার জিহ্বার অগ্রভাগের অংশ ড্যামেজ হয়ে গেছে। এই মুহূর্তে তার ক্ষতিগ্রস্ত জিহ্বা কেটে কৃত্রিম জিহ্বা স্থাপন করা প্রয়োজন।

এই উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব তাকে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এতে চিকিৎসা ব্যয় পড়বে প্রায় ১৫ লাখ টাকা।

বদরুল আমীনের বাড়ি বগুড়ার সবুজবাগে। দুই ভাইবোনের মধ্যে বড় সে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা। তিনি পেশায় ড্রাইভার। মা জাহানারা বেগম দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যানসারে ভুগছেন। বদরুলের চিকিৎসার জোগান দেয়ার সামর্থ্য নেই তার পরিবারের।

বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা তার চিকিৎসার আর্থিক সাহায্যে এগিয়ে এসেছেন। তবে আরও টাকা প্রয়োজন বলে জানিয়েছে তার পরিবার ও শিক্ষকরা।

সমাজের বিত্তবানরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো আবারও চিকিৎসা পেয়ে বেঁচে ফিরবে এক মেধাবী প্রাণ।

বদরুল আমীন বেঞ্জুকে সাহায্য পাঠানোর ঠিকানা : অগ্রণী ব্যাংক হিসাব নং : ০২০০০১৪৮৮২২০০