জাতীয় দলের এক ঘণ্টা আগেই দক্ষিণ আফ্রিকায় চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। তাতে টস জিতে ‘জুনিয়র টাইগারদের’ প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান যুব দল।
পটেফস্ট্রোমের সেনওয়েস পার্কে বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টি দেরি করাচ্ছে। এখনও খেলা শুরু করা যায়নি।
আগেই সুপার এইট নিশ্চিত করায় দু’দলের এই ম্যাচটি এখন গ্রুপ সেরার লড়াই। দুই জয়ে বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট সমান ৪, নেট রানরেটে এগিয়ে আছে জুনিয়র টাইগাররা।
পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলে কোয়ার্টার-ফাইনালে অন্য গ্রুপের দ্বিতীয় সেরা দলের বিপক্ষে লড়াই করার সুযোগ মিলবে। তাতে জিতে সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনাও বেশি থাকবে। বাংলাদেশ যুব দলের লক্ষ্য এবার ফাইনালে খেলা। তাই শীর্ষে থেকে সুযোগ কাজে লাগিয়ে সেমিফাইনালে উঠতে হবে আগে। তা করতে হলে পাকিস্তানকে হারাতে হবে আকবর আলিদের।
যুব ক্রিকেটে বাংলাদেশ-পাকিস্তানের শক্তি প্রায় কাছাকাছি। এ পর্যন্ত ১৭টি ম্যাচ খেলেছে দল দুটি। সাতটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নয়টিতে পাকিস্তান। একটি ম্যাচের ফল হয়নি।
দুই দলের মধ্যকার সর্বশেষ লড়াই ২০১৮ সালে। সেই ম্যাচটিতে অবশ্য বাংলাদেশ যুব দলই জিতেছিল। যুব বিশ্বকাপে পাকিস্তান যুব দলের বিরুদ্ধে তিন ম্যাচ খেলে দুটিতেই জিতে বাংলাদেশ যুব দল। একটি ম্যাচ হারে।