উইকেটের ব্যবহারে ‘চমকে গেছেন’ মাহমুদউল্লাহ

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টির উইকেটের আচরণে ‘চমকে গিয়েছিলেন’ বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুক্রবার শেষ ওভারে হারার পর মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা ম্যাচ শেষ ওভারে আনতে পেরেছি। তবে জিততে না পারা সব সময়ই হতাশার। এই ম্যাচে সবচেয়ে চমকে গেছি উইকেট দেখে। খুবই সুন্দর ব্যাটিং উইকেট মনে হয়েছিল; কিন্তু বল পুরোনো হতেই ধীরে আসতে শুরু করে। এতে ব্যাটিং করা কঠিন হয়ে পড়ে। আমাদের বোলাররা শেষের দিকে এটা খুব কাজে লাগিয়েছে।’

বাংলাদেশ এদিন আগে ব্যাট করে ১৪১ রান তোলে। জবাবে পাকিস্তান ৩ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে যায়।

এমন একটি ম্যাচ হারার জন্য স্লগ ওভারের ব্যর্থতাকে দায়ী করেছেন টাইগার অধিনায়ক, ‘সামনের ম্যাচে আমাদের স্লগ ওভার নিয়ে কাজ করতে হবে। আমরা আজ শেষের ওভারগুলো ভালোভাবে কাজে লাগাতে পারিনি। ১০-১৫ রান কম এসেছে।’

শুরুর বোলিং নিয়েও খুশি নন তিনি, ‘এর সঙ্গে বোলিংয়ে শুরুতে বেশ কিছু রান দিয়ে ফেলেছি। শুরুতে ওরা (পাকিস্তান) সহজেই চার পাচ্ছিল। এটা নিয়েও কাজ করতে হবে। হ্যাঁ, ফিল্ডিং নিয়েও কাজ করতে হবে। কারণ এই ম্যাচে কয়েকটি রানআউটের সুযোগ হাতছাড়া করেছি। দুটি ক্যাচ মিস হয়েছে। কিন্তু এগুলো ম্যাচের অংশ। তবুও আমরা এগুলো নিয়ে কাজ করব।’